
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ভবিষ্যৎ বাংলাদেশের জন্য বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (STEM) শিক্ষার কোনো বিকল্প নেই। প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা, উদ্ভাবনী চিন্তা এবং সমস্যা সমাধানের দক্ষতা গড়ে তুলতে খেলার মাধ্যমে শেখার (Play-based Learning) পরিবেশ নিশ্চিত করতে হবে।
সোমবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ব্র্যাক ও LEGO Foundation আয়োজিত ‘Sustaining Play, Learning and Skills in Humanitarian Contexts (SPLASH)’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “অঙ্কভীতি নয়, বিজ্ঞান হোক ভবিষ্যতের পরিচয়।” তিনি জানান, প্রাথমিক স্তর থেকেই STEM-ভিত্তিক ও খেলার মাধ্যমে শেখার শিক্ষা চালুর মাধ্যমে বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে শিক্ষাই হবে সবচেয়ে বড় বিনিয়োগ এবং সেই বিনিয়োগের কেন্দ্রবিন্দু হবে মানসম্মত প্রাথমিক শিক্ষা।”
ববি হাজ্জাজ বলেন, বর্তমানে দেশের উচ্চমাধ্যমিক পর্যায়ে মাত্র ২০ শতাংশ শিক্ষার্থী বিজ্ঞান বিভাগে অধ্যয়ন করে, যা জ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর রাষ্ট্র গঠনের জন্য যথেষ্ট নয়। তাই প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের STEM বিষয়ে আগ্রহী করে তুলতে হবে, যাতে তারা ভবিষ্যতে আত্মবিশ্বাসের সঙ্গে বিজ্ঞানভিত্তিক শিক্ষা বেছে নিতে পারে।
তিনি জানান, ব্র্যাক, LEGO Foundation এবং অন্যান্য উন্নয়ন সহযোগীদের বাস্তবায়িত প্লে-বেইজড শিক্ষা কার্যক্রম সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এসব উদ্যোগের সফল মডেল মূল্যায়ন করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্লে-ল্যাব ও STEM ল্যাব চালুর সম্ভাবনা বিবেচনা করা হচ্ছে। প্রাথমিকভাবে কয়েকশ বিদ্যালয়ে পাইলট প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার সরকারি বিদ্যালয়ের পাশাপাশি বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম ও মাদ্রাসাসহ সব ধারার শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য একটি অভিন্ন ন্যূনতম শিক্ষার মান নির্ধারণে কাজ করছে। শিক্ষক, পাঠ্যক্রম, অবকাঠামো ও শিক্ষার গুণগত মানে একটি জাতীয় মানদণ্ড প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, বর্তমানে প্রাথমিক শিক্ষায় ভাষা, গণিত ও ইংরেজি বিষয়ে শিক্ষার্থীদের শেখার অর্জন এখনও প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি। এ পরিস্থিতির উন্নয়নে শিক্ষা সংস্কার, যুগোপযোগী কারিকুলাম, প্রযুক্তিনির্ভর শিক্ষা, প্লে-বেইজড লার্নিং এবং STEM-ভিত্তিক শিক্ষার ওপর সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ব্র্যাকসহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।