1. babuibasa@gmail.com : dmh :
  2. ziamizandu@yahoo.com : Zia Mizan : Zia Mizan
  3. remarkmc@gmail.com : Staff Reporter : Staff Reporter
  4. mimmahmud@gmail.com : News Desk : News Desk
August 3, 2026, 4:51 pm

গুমকে জামিন-অযোগ্য অপরাধ ঘোষণা, মন্ত্রিসভার অনুমোদন নতুন আইনের খসড়ায়

বিশেষ প্রতিনিধি :
  • Update Time : Monday, August 3, 2026,
  • 2 Time View
গুমকে জামিন-অযোগ্য অপরাধ ঘোষণা, মন্ত্রিসভার অনুমোদন নতুন আইনের খসড়ায়

নিজস্ব প্রতিবেদক : মন্ত্রিসভা ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে। লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং শেষে আইনটি কার্যকর করার প্রক্রিয়া এগোবে। নতুন আইনে গুমকে একটি স্বতন্ত্র, আমলযোগ্য, জামিন-অযোগ্য ও আপস-অযোগ্য ফৌজদারি অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে মন্ত্রিপরিষদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

নতুন আইনে গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। আর গুমের কারণে মৃত্যু ঘটলে, মরদেহ উদ্ধার হলে কিংবা পাঁচ বছর পার হওয়ার পরও নিখোঁজ ব্যক্তিকে জীবিত বা মৃত অবস্থায় খুঁজে পাওয়া না গেলে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি সর্বোচ্চ এক কোটি টাকা অর্থদণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছে।

আইনটির উদ্দেশ্য হিসেবে মানবাধিকার, মানবিক মর্যাদা, ব্যক্তি-স্বাধীনতা এবং আইনের শাসন প্রতিষ্ঠার কথা উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে গুম প্রতিরোধ, দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনা, নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করা এবং ভুক্তভোগী ও তাদের পরিবারের অধিকার নিশ্চিত করার জন্য একটি সমন্বিত আইনগত কাঠামো গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

খসড়া আইনে আদালতের মাধ্যমে তল্লাশি পরোয়ানা জারি, অভিযুক্তের অনুপস্থিতিতে বিচার পরিচালনা, ডিজিটাল সাক্ষ্য গ্রহণ এবং সাক্ষী, অভিযোগকারী, তথ্য প্রকাশকারী ও ভুক্তভোগীর নিরাপত্তা ও পরিচয় গোপন রাখার বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ ছাড়া ভুক্তভোগী ও তাদের পরিবারকে তদন্তের অগ্রগতি, ঘটনার প্রকৃত তথ্য এবং নিখোঁজ ব্যক্তির অবস্থান বা পরিণতি জানার অধিকার দেওয়া হয়েছে। সরকারি আইনগত সহায়তা, চিকিৎসা, পুনর্বাসন ও ক্ষতিপূরণের ব্যবস্থাও রাখা হয়েছে। দণ্ডিত ব্যক্তির সম্পত্তি থেকে ক্ষতিপূরণ আদায় সম্ভব না হলে রাষ্ট্র সেই ক্ষতিপূরণ দেবে।

আইনে আরও বলা হয়েছে, গুম হওয়া ব্যক্তির স্ত্রী ও নির্ভরশীল পরিবারের সদস্যদের ভরণপোষণের জন্য সংশ্লিষ্ট ব্যক্তির সম্পত্তি ব্যবহারের সুযোগ থাকবে। পাঁচ বছর পরও নিখোঁজ ব্যক্তির সন্ধান না মিললে উত্তরাধিকারীদের মধ্যে সম্পত্তি বণ্টনের জন্য গুম সনদ দেওয়ার বিধান রাখা হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় তথ্যভান্ডার সংরক্ষণ এবং গুমসংক্রান্ত আন্তর্জাতিক সহযোগিতার ব্যবস্থাও যুক্ত করা হয়েছে।

তদন্ত ও বিচার দ্রুত সম্পন্ন করতে নতুন আইনে সর্বোচ্চ ১২০ দিনের মধ্যে তদন্ত এবং পরবর্তী ১২০ দিনের মধ্যে বিচার শেষ করার বিধান রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved by Daily Morning Herald - 2024-25
Theme Designed BY Kh Raad ( Frilix Group )