
অসুস্থ বরেণ্য চিত্রশিল্পী ও পুতুলনাট্য গবেষক মোস্তফা মনোয়ারের চিকিৎসার খোঁজখবর নিতে রাজধানীর স্কয়ার হাসপাতালে গেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
সোমবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন এই গুণী শিল্পীর শয্যাপাশে কিছু সময় কাটান তারা। এ সময় শিল্পীর শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি চিকিৎসার সার্বিক বিষয় সম্পর্কে পরিবারের সদস্য ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
সফরকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে মোস্তফা মনোয়ারের চিকিৎসা ব্যয় নির্বাহে আর্থিক সহায়তার একটি চেক তাঁর পরিবারের সদস্যদের হাতে তুলে দেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
এ সময় মন্ত্রী বলেন, দেশের শিল্প-সংস্কৃতির বিকাশে যাঁরা অসামান্য অবদান রেখে গেছেন, তাঁদের যেকোনো প্রয়োজন ও সংকটে পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব। মোস্তফা মনোয়ার বাংলাদেশের শিল্প ও সংস্কৃতি অঙ্গনের এক উজ্জ্বল নাম। তাঁর দ্রুত সুস্থতা কামনা করছে সরকার এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মও শিল্পীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, দেশের শিল্প-সংস্কৃতির ধারক ও বাহকদের যেকোনো সংকটে পাশে থাকতে সরকার বদ্ধপরিকর। সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই বরেণ্য এই শিল্পীর চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছে মন্ত্রণালয়।
উল্লেখ্য, চিত্রশিল্পী, শিশুতোষ অনুষ্ঠান নির্মাতা এবং পুতুলনাট্য গবেষক হিসেবে মোস্তফা মনোয়ার দীর্ঘদিন ধরে দেশের শিল্প-সংস্কৃতি অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। তাঁর সৃষ্টিশীল কর্মযজ্ঞ বাংলাদেশের সাংস্কৃতিক পরিমণ্ডলে বিশেষভাবে সমাদৃত।